Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

শুনলো শুনলো বালিকা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

শুনলো শুনলো বালিকা

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: ভানুসিংহ ঠাকুরের পদাবলী


শুনলো শুনলো বালিকা,
রাখ কুসুমমালিকা,
কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহিরে।
দুলই কুসুম মুঞ্জরী,
ভমর ফিরই গুঞ্জরি,
অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহিরে।
শশি-সনাথ যামিনী,
বিরহ-বিধুর কামিনী,
কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।
অধর উঠই কাঁপিয়া,
সখি-করে কর আপিয়া,
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে।

মৃদু সমীর সঞ্চলে
হরয়ি শিথিল অঞ্চলে,
বালি হৃদয় চঞ্চলে কানন-পথ চাহিরে;
কুঞ্জপানে হেরিয়া,
অশ্রুবারি ডারিয়া
ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহিরে!
0 Comments
387 Views

Author

Sabyasachi Bairagi

Updated

06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1