Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

বিচার, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

বিচার

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: শিশু


আমার খোকার কত যে দোষ
     সে-সব আমি জানি,
লোকের কাছে মানি বা নাই মানি।
     দুষ্টামি তার পারি কিম্বা
            নারি থামাতে,
     ভালোমন্দ বোঝাপড়া
            তাতে আমাতে।
     বাহির হতে তুমি তারে
            যেমনি কর দুষী
                যত তোমার খুশি,
     সে বিচারে আমার কী বা হয়।
            খোকা বলেই ভালোবাসি,
              ভালো বলেই নয়।
  
খোকা আমার কতখানি
     সে কি তোমরা বোঝ।
তোমরা শুধু দোষ গুণ তার খোঁজ।
     আমি তারে শাসন করি
          বুকেতে বেঁধে ,
     আমি তারে কাঁদাই যে গো
          আপনি কেঁদে।
     বিচার করি, শাসন করি,
          করি তারে দুষী
            আমার যাহা খুশি।
     তোমার শাসন আমরা মানি নে গো।
          শাসন করা তারেই সাজে
            সোহাগ করে যে গো।
0 Comments
104 Views

Author

Sabyasachi Bairagi

Updated

04 Jun, 2026

Discussion

Showing page 1 of 1