Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

বাদশার মুখখানা গুরুতর গম্ভীর, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

বাদশার মুখখানা গুরুতর গম্ভীর

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: খাপছাড়া


বাদশার মুখখানা
গুরুতর গম্ভীর,
মহিষীর হাসি নাহি ঘুচে;
কহিলা বাদশা-বীর,–
“যতগুলো দম্ভীর
দম্ভ মুছিব চেঁচে-পুঁছে।’

উঁচু মাথা হল হেঁট,
খালি হল ভরা পেট,
শপাশপ্‌ পিঠে পড়ে বেত।
কভু ফাঁসি কভু জেল,
কভু শূল কভু শেল,
কভু ক্রোক দেয় ভরা খেত।

মহিষী বলেন তবে,–
“দম্ভ যদি না র’বে
কী দেখে হাসিব তবে, প্রভু।’
বাদশা শুনিয়া কহে,–
“কিছুই যদি না রহে
হসনীয় আমি র’ব তবু।’
0 Comments
222 Views

Author

Sabyasachi Bairagi

Updated

11 Mar, 2026

Discussion

Showing page 1 of 1