Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রার্থনা (চৈতালি কাব্যগ্রন্থ), রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
প্রার্থনা (চৈতালি কাব্যগ্রন্থ)
- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: চৈতালি
আজি কোন্ ধন হতে বিশ্ব আমারে
কোন্ জনে করে বঞ্চিত
তব চরণকমলরতনরেণুকা
অন্তরে আছে সঞ্চিত ।
কত নিঠুর কঠোর দরশে ঘরষে
মর্মমাঝারে শল্য বরষে
তবু প্রাণমন পীযূষপরশে
পলে পলে পুলকাঞ্চিত !
আজি কিসের পিপাসা মিটিল না , ওগো
পরম - পরান - বল্লভ ।
চিতে চিরসুধা করে সঞ্চার , তব
সকরুণ করপল্লব ।
হেথা কত দিনে রাতে অপমানঘাতে
আছি নতশির গঞ্জিত ,
তবু চিত্তললাট তোমারি স্বকরে
রয়েছে তিলকরঞ্জিত ।
হেথা কে আমার কানে কঠিন বচনে
বাজায় বিরোধঝঞ্ঝনা !
প্রাণে দিবসরজনী উঠিতেছে ধ্বনি
তোমারি বীণার গুঞ্জনা ।
নাথ , যার যাহা আছে তার তাই থাক্ ,
আমি থাকি চিরলাঞ্ছিত ।
শুধু তুমি এ জীবনে নয়নে নয়নে
থাকো থাকো চিরবাঞ্ছিত ।
Author
Sabyasachi Bairagi
Updated
12 Mar, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !