Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

নিদ্রিতার চিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

নিদ্রিতার চিত্র

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: কড়ি ও কোমল


মায়ায় রয়েছে বাঁধা প্রদোষ – আঁধার ;
চিত্রপটে সন্ধ্যাতারা অস্ত নাহি যায় ।
এলাইয়া ছড়াইয়া গুচ্ছ কেশভার
বাহুতে মাথাটি রেখে রমণী ঘুমায় ।
চারি দিকে পৃথিবীতে চিরজাগরণ ,
কে ওরে পাড়ালে ঘুম তারি মাঝখানে !
কোথা হতে আহরিয়া নীরব গুঞ্জন
চিরদিন রেখে গেছে ওরই কানে কানে !
ছবির আড়ালে কোথা অনন্ত নির্ঝর
নীরব ঝর্ঝর – গানে পড়িছে ঝরিয়া ।
চিরদিন কাননের নীরব মর্মর ,
লজ্জা চিরদিন আছে দাঁড়ায়ে সমুখে —
যেমনি ভাঙিবে ঘুম , মরমে মরিয়া
বুকের বসনখানি তুলে দিবে বুকে ।
0 Comments
146 Views

Author

Sabyasachi Bairagi

Updated

13 Apr, 2026

Discussion

Showing page 1 of 1