Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার সাথে নিত্য বিরোধ আর সহে না, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

তোমার সাথে নিত্য বিরোধ আর সহে না

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: গীতাঞ্জলি


তোমার সাথে নিত্য বিরোধ
আর সহে না–
দিনে দিনে উঠছে জমে
কতই দেনা।
সবাই তোমায় সভার বেশে
প্রণাম করে গেল এসে,
মলিন বাসে লুকিয়ে বেড়াই
মান রহে না।

কী জানাব চিত্তবেদন,
বোবা হয়ে গেছে যে মন,
তোমার কাছে কোনো কথাই
আর কহে না।
ফিরায়ো না এবার তারে
লও গো অপমানের পারে,
করো তোমার চরণতলে
চির-কেনা।

বোলপুর, ২৫ শ্রাবণ, ১৩১৭
0 Comments
205 Views

Author

Sabyasachi Bairagi

Updated

06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1