Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

তবু রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

তবু

- রবীন্দ্রনাথ ঠাকুর


তবু মনে রেখো, যদি দূরে যাই চলি,
সেই পুরাতন প্রেম যদি এক কালে
হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলি,
ঢাকা পড়ে নব নব জীবনের জালে ।

তবু মনে রেখো, যদি বড়ো কাছে থাকি,
নূতন এ প্রেম যদি হয় পুরাতন,
দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি--
পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন ।

তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে
উদাস বিষাদ-ভরে কাটে সন্ধ্যাবেলা,
অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে,
অথবা বসন্তরাতে থেমে যায় খেলা ।

তবু মনে রেখো, যদি মনে প'ড়ে আর
আঁখিপ্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার ।
0 Comments
94 Views

Author

Sabyasachi Bairagi

Updated

06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1