Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

জ্যোতিষ-শাস্ত্র, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

জ্যোতিষ-শাস্ত্র

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: শিশু


আমি শুধু বলেছিলেম—
    ‘কদম গাছের ডালে
পূর্ণিমা-চাঁদ আটকা পড়ে
    যখন সন্ধেকালে
           তখন কি কেউ তারে
           ধরে আনতে পারে। '
শুনে দাদা হেসে কেন
          বললে আমায়, ‘ খোকা,
          তোর মতো আর দেখি নাইকো বোকা।
চাঁদ যে থাকে অনেক দূরে
    কেমন করে ছুঁই;
আমি বলি, ‘দাদা, তুমি
    জান না কিচ্ছুই।
মা আমাদের হাসে যখন
    ওই জানলার ফাঁকে
তখন তুমি বলবে কি, মা
    অনেক দূরে থাকে। '
            তবু দাদা বলে আমায়, ‘খোকা,
            তোর মতো আর দেখি নাই তো বোকা। '
দাদা বলে, ‘পাবি কোথায়
       অত বড়ো ফাঁদ। '
  আমি বলি, ‘কেন দাদা,
       ওই তো ছোটো চাঁদ,
            দুটি মুঠোয় ওরে
            আনতে পারি ধরে। '
  শুনে দাদা হেসে কেন
            বললে আমায়, ‘খোকা,
            তোর মতো আর দেখি নাই তো বোকা।
  চাঁদ যদি এই কাছে আসত
       দেখতে কত বড়ো। '
  আমি বলি, ‘কী তুমি ছাই
       ইস্কুলে যে পড়।
  মা আমাদের চুমো খেতে
       মাথা করে নিচু,
  তখন কি আর মুখটি দেখায়
       মস্ত বড়ো কিছু। '
            তবু দাদা বলে আমায়, ‘খোকা,
            তোর মতো আর দেখি নাই তো বোকা। '
0 Comments
104 Views

Author

Sabyasachi Bairagi

Updated

11 Mar, 2026

Discussion

Showing page 1 of 1