Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: গীতাঞ্জলি


জড়িয়ে গেছে সরু মোটা
দুটো তারে
জীবনবীণা ঠিক সুরে তাই
বাজে না রে।
এই বেসুরো জটিলতায়
পরান আমার মরে ব্যথায়,
হঠাৎ আমার গান থেমে যায়
বারে বারে।
জীবনবীণা ঠিক সুরে আর
বাজে না রে।

এই বেদনা বইতে আমি
পারি না যে,
তোমার সভার পথে এসে
মরি লাজে।
তোমার যারা গুণী আছে
বসতে নারি তাদের কাছে,
দাঁড়িয়ে থাকি সবার পাছে
বাহির-দ্বারে।
জীবনবীণা ঠিক সুরে আর
বাজে না রে।

বোলপুর, ৩ শ্রাবণ, ১৩১৭
0 Comments
105 Views

Author

Sabyasachi Bairagi

Updated

06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1