Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

চরণ, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

চরণ

- রবীন্দ্রনাথ ঠাকুর


দুখানি চরণ পড়ে ধরণীর গায়,
দুখানি অলস রাঙা কোমল চরণ ।
শত বসন্তের স্মৃতি জাগিছে ধরায়,
শতলক্ষ কুসুমের পরশস্বপন ।
শত বসন্তের যেন ফুটন্ত অশোক
ঝরিয়া মিলিয়া গেছে দুটি রাঙা পায় ।
প্রভাতের প্রদোষের দুটি সূর্যলোক
অস্ত গেছে যেন দুটি চরণছায়ায় ।
যৌবনসংগীত পথে যেতেছে ছড়ায়ে,
নূপুর কাঁদিয়া মরে চরণ জড়ায়ে -
নৃত্য সদা বাঁধা যেন মধুর মায়ায় ।
হোথা যে নিঠুর মাটি, শুষ্ক ধরাতল -
এসো গো হৃদয়ে এসো, ঝুরিছে হেথায়
লাজরক্ত লালসার রাঙা শতদল ।।
0 Comments
160 Views

Author

Sabyasachi Bairagi

Updated

06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1