Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

গান (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ), রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

গান (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: কড়ি ও কোমল


ওগো       কে যায় বাঁশরি বাজায়ে !

                   আমার ঘরে কেহ নাই যে !

     তারে       মনে পড়ে যারে চাই যে !

     তার        আকুল পরান বিরহের গান

                   বাঁশি বুঝি গেল জানায়ে !

     আমি        আমার কথা তারে জানাব কী করে ,

                     প্রাণ কাঁদে মোর তাই যে !

                কুসুমের মালা গাঁথা হল না ,

                    ধূলিতে পড়ে শুকায় রে !

                নিশি হয় ভোর , রজনীর চাঁদ

                    মলিন মুখ লুকায় রে !

                সারা বিভাবরী কার পূজা করি

                    যৌবনডালা সাজায়ে !

     ওই       বাঁশিস্বরে হায় প্রাণ নিয়ে যায় ,

                    আমি কেন থাকি হায় রে !
0 Comments
133 Views

Author

Sabyasachi Bairagi

Updated

17 Mar, 2026

Discussion

Showing page 1 of 1