Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
একটি নমস্কারে, প্রভু রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
একটি নমস্কারে, প্রভু
- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: গীতাঞ্জলি
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক
তোমার এ সংসারে।
ঘন শ্রাবণ-মেঘের মতো
রসের ভারে নম্র নত
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক্
তব ভবন-দ্বারে।
নানা সুরের আকুল ধারা
মিলিয়ে দিয়ে আত্মহারা
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সমস্ত গান সমাপ্ত হোক
নীরব পারাবারে।
হংস যেমন মানসযাত্রী,
তেমনি সারা দিবসরাত্রি
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সমস্ত প্রাণ উড়ে চলুক
মহামরণ-পারে।
২৩ শ্রাবণ, ১৩১৭
Author
Sabyasachi Bairagi
Updated
20 Apr, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !