Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

আরো আঘাত সইবে আমার, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

আরো আঘাত সইবে আমার

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: গীতাঞ্জলি


আরো আঘাত সইবে আমার
সইবে আমারো,
আরো কঠিন সুরে জীবনতারে ঝংকারো।
যে রাগ জাগাও আমার প্রাণে
বাজে নি তা চরমতানে,
নিঠুর মূর্ছনায় সে গানে
মূর্তি সঞ্চারো।

লাগে না গো কেবল যেন
কোমল করুণা,
মৃদু সুরের খেলায় এ প্রাণ
ব্যর্থ কোরো না।
জ্বলে উঠুক সকল হুতাশ,
গর্জি উঠুক সকল বাতাস,
জাগিয়ে দিয়ে সকল আকাশ
পূর্ণতা বিস্তারো।

৪ আষাঢ়, ১৩১৭
0 Comments
107 Views

Author

Sabyasachi Bairagi

Updated

20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1