Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা (চৈতালি কাব্যগ্রন্থ), রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

প্রার্থনা (চৈতালি কাব্যগ্রন্থ)

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: চৈতালি


আজি    কোন্‌ ধন হতে বিশ্ব আমারে
               কোন্‌ জনে করে বঞ্চিত
তব      চরণকমলরতনরেণুকা
               অন্তরে আছে সঞ্চিত ।
কত      নিঠুর কঠোর দরশে ঘরষে
               মর্মমাঝারে শল্য বরষে
              তবু প্রাণমন পীযূষপরশে
                   পলে পলে পুলকাঞ্চিত !
আজি    কিসের পিপাসা মিটিল না , ওগো
                পরম - পরান - বল্লভ ।
চিতে    চিরসুধা করে সঞ্চার , তব
               সকরুণ করপল্লব ।
হেথা     কত দিনে রাতে অপমানঘাতে
               আছি নতশির গঞ্জিত ,
তবু      চিত্তললাট তোমারি স্বকরে
               রয়েছে তিলকরঞ্জিত ।
হেথা     কে আমার কানে কঠিন বচনে
               বাজায় বিরোধঝঞ্ঝনা !
প্রাণে    দিবসরজনী উঠিতেছে ধ্বনি
               তোমারি বীণার গুঞ্জনা ।
নাথ ,     যার যাহা আছে তার তাই থাক্‌ ,
               আমি থাকি চিরলাঞ্ছিত ।
শুধু      তুমি এ জীবনে নয়নে নয়নে
               থাকো থাকো চিরবাঞ্ছিত ।
0 Comments
86 Views

Author

Sabyasachi Bairagi

Updated

12 Mar, 2026

Discussion

Showing page 1 of 1