Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

আকাঙ্ক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

আকাঙ্ক্ষা

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: কড়ি ও কোমল


আজি       শরততপনে প্রভাতস্বপনে
                   কী জানি পরান কী যে চায় !
     ওই        শেফালির শাখে কী বলিয়া ডাকে
                   বিহগবিহগী কী যে গায় !
     আজি       মধুর বাতাসে হৃদয় উদাসে ,
                   রহে না আবাসে মন হায় !
     কোন্     কুসুমের আশে , কোন্ ফুলবাসে
                   সুনীল আকাশে মন ধায় !

     আজি       কে যেন গো নাই , এ প্রভাতে তাই
                   জীবন বিফল হয় গো !
     তাই       চারি দিকে চায় , মন কেঁদে গায় —
                    ‘ এ নহে , এ নহে , নয় গো ! '
     কোন্     স্বপনের দেশে আছে এলোকেশে
                    কোন্ ছায়াময়ী অমরায় !
     আজি       কোন্ উপবনে বিরহবেদনে
                   আমারি কারণে কেঁদে যায় !

     আমি       যদি গাঁথি গান অথির - পরান
                   সে গান শুনাব কারে আর !
     আমি       যদি গাঁথি মালা লয়ে ফুলডালা
                   কাহারে পরাব ফুলহার !
     আমি       আমার এ প্রাণ যদি করি দান
                   দিব প্রাণ তবে কার পায় !
     সদা       ভয় হয় মনে পাছে অযতনে
                   মনে মনে কেহ ব্যথা পায় !
0 Comments
162 Views

Author

Sabyasachi Bairagi

Updated

12 Jun, 2026

Discussion

Showing page 1 of 1